কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু, প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি

পাঁচ ঘণ্টা পর কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে। এ দুর্ঘটনার ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার উদ্ধারকাজ পরিদর্শনে এসে তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ এ তথ্য জানান।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি বুধবার দুপুর পৌনে ১টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ ৫টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার বিষয়ে ট্রেনের চালক মোয়াজ্জেম হোসেন বলেন, রেলপথে সংস্কার চলছিল তা জানানো হয়নি। গতি কম থাকায় দুর্ঘটনার ক্ষতি ও হতাহত কম হয়েছে। এদিকে, ঢাকাগামী আপলাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ হলেও বিকল্প লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রেখে দ্রুত মূললাইন সচল করার কাজ চলছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights