কৃষক হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক সানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেনের ছেলে রুবেল মিয়া, সোলায়মান হোসেনের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের মোন্নাফ হোসেনের ছেলে শাহাদত হোসেন।

আদালতের পিপি অ্যাডভোকেট রফিক সরকার জানান, চর গোজা গ্রামের কৃষক সানোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরার বন্ধুত্ব ছিল। সেই সুবাদে সানোয়ার হোসেনের কাছ থেকে হীরা ২ লাখ ২০ হাজার টাকা হাওলাত নেয়। একপর্যায়ে সানোয়ার হোসেন পাওনা টাকা ফেরতের জন্য হীরাকে চাপ দিতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় সানোয়ার হোসেনকে মোবাইল করে ডেকে নিয়ে যায় হীরা। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে থেকে সানোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights