ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাংকারকে মারধর করে চাঁদাবাজির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীর বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট) এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যাংক কর্মকর্তা।
অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অনিক, রাশেদুল ইসলাম শাওন ও ইশরাক। অভিযোগে ওই ব্যাংক কর্মকর্তা বলেন, গত ১৮ আগস্ট রাতে এক বান্ধবীকে নিয়ে মেরিন একাডেমি সড়কে ঘুরতে গেলে ওই তিন শিক্ষার্থী তাদের পরিচয় জানতে চান। তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরের ব্যক্তি জানালে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ৫০ হাজার টাকা দাবি করা হয়। অভিযোগ অস্বীকার করলে তাকে মাথা, মুখ ও বুকে মারধর এবং তার বান্ধবীকে হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে জোর করে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের এটিএম বুথে নেওয়া হয়। সেখানে কার্ড কাজ না করায় পাশের একটি দোকান থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা উত্তোলন করিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
অভিযোগ অস্বীকার করে রাশেদুল ইসলাম শাওন বলেন, অভিযোগটি ভিত্তিহীন। তার দাবি, ওই ব্যাংক কর্মকর্তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। ক্যাম্পাসের সামনের সিসিটিভি ফুটেজ যাচাই করলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনা বিশ্ববিদ্যালয়ের বাইরে হওয়ায় বিধি অনুযায়ী সীমাবদ্ধতা থাকলেও অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ভুক্তভোগীর অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
