কেন পাকিস্তানকে আলাদা সুবিধা দেবে না ভারত

অনলাইন ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে বিশেষ সুবিধা দেবে না ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের সময় পাকিস্তান ক্রিকেট দলের জন্য আলাদা কোনও ব্যবস্থা থাকবে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘এক দিনের বিশ্বকাপ খেলতে পাকিস্তানের ক্রিকেট দল ভারতে আসবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য দলগুলির মতো সমান আতিথেয়তা পাবে পাকিস্তানের দলও। সব ব্যবস্থা একই রকম থাকবে।’

এশিয়া কাপ খেলার জন্য বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেয়নি ভারতের কেন্দ্রীয় সরকার। পাকিস্তানও এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর কথা বলে পাল্টা চাপ সৃষ্টির চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সুর নরম করতে বাধ্য হয়েছেন পাক ক্রিকেট কর্তারা।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এক দিনের বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচ হবে আমদাবাদে। বিশ্বকাপের সূচি পরিবর্তন হওয়ার পর এই ম্যাচ হবে ১৪ অক্টোবর। পাকিস্তান বিশ্বকাপ অভিযান শুরু করবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচ হবে হায়দরাবাদে। লিগ পর্বে পাকিস্তানকে খেলতে হবে বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতাতেও। আমদাবাদ ছাড়া বাকি চারটি শহরে দু’টি করে ম্যাচ খেলবেন বাবরেরা। ফাইনালে উঠলে তাঁদের খেলতে হবে আমদাবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights