কোরআনের ভাষায় ‘পথভ্রষ্ট’ যারা
কোরআনে কারিমে আল্লাহ তাআলা পথভ্রষ্টদের নিয়ে আলোচনা করেছেন। সংক্ষেপে তাদের পরিচয় ও বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যাতে আমরা তাদের সেই পথ ও পদ্ধতি থেকে বেঁচে থাকতে পারি। চলুন আজকে জেনে নিই কোরআনের ভাষায় পথভ্রষ্ট কারা—
আল্লাহর অস্তিত্ব অস্বীকারকারী
যারা আল্লাহকে স্বীকার করে না, যারা তাঁর রাসুল, তাঁর প্রেরিত কিতাব ও ফেরেশতাদের স্বীকার করে না, তাদের আল্লাহ তাআলা পথভ্রষ্ট ও পথহারা বলেছেন। কোরআনে এসেছে, ‘হে মুমিনরা! ঈমান রাখো আল্লাহর প্রতি, তাঁর রাসুলের প্রতি, যে কিতাব তাঁর রাসুলের ওপর নাজিল করেছেন তার প্রতি এবং যে কিতাব তার আগে নাজিল করেছেন তার প্রতি।
যে ব্যক্তি আল্লাহকে, তাঁর ফেরেশতাদেরকে, তাঁর কিতাবসমূহকে, তাঁর রাসুলদের এবং পরকালকে অস্বীকার করে, সে বহু দূরের ভ্রষ্টতায় পথভ্রষ্ট হয়ে যায়।’ (সুরা : নিসা, আয়াত : ১৩৬)
আল্লাহর সঙ্গে শিরককারী
যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে তারা স্পষ্টভাবে পথভ্রষ্ট। পবিত্র কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সঙ্গে কাউকে শরিক করে। এ ছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন।
যে আল্লাহর সঙ্গে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।’ (সুরা : নিসা, আয়াত : ১১৬)
আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্যতাকারী
যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলকে অমান্য করে সে-ও পথভ্রষ্ট। কোরআনে এসেছে, ‘আল্লাহ ও তাঁর রাসুল যখন কোনো বিষয়ে চূড়ান্ত ফায়সালা দান করেন, তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর নিজেদের বিষয়ে কোনো এখতিয়ার বাকি থাকে না। কেউ আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্যতা করলে সে তো সুস্পষ্ট ভ্রষ্টতায় পতিত হলো।’ (সুরা : আহজাব, আয়াত : ৩৬)
