ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষায় আগ্রহী করতে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

অনলাইন ডেস্ক

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষাগ্রহণে আগ্রহী করে তোলা, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন করতে আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিন্দু পল্লীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন।

আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা শিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের উদ্দেশে বলেন, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রয়েছে। সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার দায়িত্ব অভিভাবকদের। পারিবারিক অসচেতনতা ও পর্যাপ্ত সহযোগিতার অভাবে অনেক শিশু পড়াশোনা থেকে ঝরে পড়ে। এ বিষয়ে মা-বাবা সচেতন হলে শিশুদের শিক্ষাজীবন আরও সুন্দর হতে পারে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ তৈরি হয়।

বক্তারা আরও বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধ করা জরুরি। অল্প বয়সে ছেলেমেয়েদের বিয়ে না দিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। শিক্ষার মাধ্যমে শিশুরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবে। এ জন্য অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষার ক্ষেত্রে ভাষাগত প্রতিবন্ধকতার বিষয়টিও আলোচনায় আসে। বাংলা ভাষায় দক্ষতার অভাবের কারণে অতীতে অনেক শিশুকে বিদ্যালয়ের পাঠ বুঝতে, পড়াশোনায় মনোযোগ দিতে এবং অন্য শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়তে হয়েছে। এর ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ, প্রয়োজনীয় সহযোগিতা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

তাঁরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা শিক্ষার মূলধারায় আরও এগিয়ে যাবে। কোনো শিশু যেন ভাষাগত সমস্যা, পারিবারিক অসচেতনতা কিংবা বাল্যবিবাহের কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান আহমেদ, নারী বিষয়ক সম্পাদক তাবাসসুম আক্তার রুকু, ক্রীড়া সম্পাদক সামিউল ইসলাম এবং কার্যকরী সদস্য আরিফ ও কাননসহ সংগঠনের অন্যান্য বন্ধুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights