খিলক্ষেত থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা রানাকে চাঁদার টাকাসহ আটক

অনলাইন ডেস্ক

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী মাসুদ রানাকে (৩৫) আটক করে।

গত ৩ আগস্ট রাতে তিন যুবককে ব্যক্তিগত টর্চার সেলে বন্দী করে নির্যাতন চালিয়ে চাঁদা আদায় করেন মাসুদ রানা। এই অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে হাতেনাতে চাঁদা আদায়ের ২,৩০,০০০ (দুই লাখ তিরিশ হাজার) টাকা ও ইয়াবাসহ এই চাঁদাবাজকে আটক করা হয়।

এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, রানা নামের শীর্ষ চাঁদাবাজকে পূর্বাচল আর্মি ক্যাম্পের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং নেশাদ্রব্য ইয়াবাসহ আটকের পর থানায় সোপর্দ করা হয়। চাঁদাবাজি মামলায় আমরা আসামিকে আদালতে পাঠাবো।

উল্লেখ্য, আটক মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং সেপ্টেম্বর ২০২৪ এ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক চাঁদাবাজির দায়ে গ্রেফতারকৃত আসামি। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে তিনি আবার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ এবং বিরক্ত। তার আটকের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights