খুলনায় পুলিশের বাধা ভেঙে ছাত্র-জনতার গণমিছিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে খুলনায় পুলিশের বাধা ভেঙে গণমিছিল করেছে ছাত্র-জনতা।

শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ খুলনার নিউমার্কেট এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হয়। তারা মিছিল নিয়ে নিউমার্কেটের পশ্চিম দিকের সড়ক দিয়ে শিববাড়ি মোড় হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়। পরে শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিভিন্ন বিলবোর্ড ভাঙচুর করে।

মিছিল নিয়ে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানার সামনে উপস্থিত হলে সেখানে টান টান উত্তেজনা দেখা দেয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ থানার গেটের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে। এ সময় বৃষ্টিতে ভিজে মিছিলকারীরা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার বিচার দাবি করেন। পরে মিছিল নিয়ে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়।
এর আগে সকাল থেকে খুলনার বিভিন্ন সড়কে কড়াকড়ি অবস্থান নেয় পুলিশ। তারা সড়কে শিক্ষার্থীদের জড়ো হতে বাধা দেয়। তবে দুপুরের পর মিছিলকারীরা পুলিশের বাধা ভেঙে অগ্রসর হলেও পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights