গভীর সমুদ্রবন্দর চালু হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে চলমান উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাতারবাড়িতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। এ লক্ষ্যেই সরকার দ্রুত প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিচ্ছে।
আজ রবিবার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) অধিক্ষেত্রাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও স্থাপনা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল ও স্টোরেজ, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল, মিডার কার্যালয় নির্মাণের নির্ধারিত স্থান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য চিহ্নিত এলাকা ঘুরে দেখেন।
এ সময় তিনি বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব গুরুত্বপূর্ণ প্রকল্প প্রত্যাশিত গতি পায়নি। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ করতে কাজ করছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মিডার সদস্য মোহাম্মদ সারোয়ার আলমসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিডা কর্তৃপক্ষ জানায়, মহেশখালীর চারটি ইউনিয়নের প্রায় ৩২ হাজার একর এলাকাকে চারটি কৌশলগত হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এগুলো হলো গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস, বিদ্যুৎ-জ্বালানি ও শিল্প উৎপাদন এবং মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন হাব।
কর্তৃপক্ষ আরও জানায়, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে টার্নিং বেসিন ও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে। পাশাপাশি প্রায় দেড় লাখ প্রত্যক্ষ এবং ২৫ লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া এসব প্রকল্পে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগসহ মোট ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বিনিয়োগ আসবে বলে জানিয়েছে মিডা কর্তৃপক্ষ।
