চট্টগ্রামে কাগতিয়া মাদরাসার ৯২তম এনামী জলসা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বায়েজিদ আজম সিটিতে কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসার ৯২তম এনামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞানার্জন ফরজ। দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে খলিফায়ে রাসুল হজরত গাউছুল আজম (রা.) ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তিনি একদিকে আধ্যাত্মিক শিক্ষার প্রসার ঘটিয়েছেন, অন্যদিকে দ্বীনি শিক্ষার প্রচারেও অগ্রণী ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জালাল আহমদ।
এতে বক্তব্য দেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ জসীম উদ্দীন, মাওলানা মুহাম্মদ কারিমুল মাওলা ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।
মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
