গাইবান্ধায় ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু মিয়া (৫২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল মিয়া (২৩) নামে আরেক কারবারি পালিয়ে যান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত মাদক কারবারি দুলু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া দালালপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মশিউর রহমানের দোকানের সামনে থেকে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ দুলু মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল মিয়া নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুলু মিয়াকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights