গাইবান্ধায় মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধসহ এক বাবা-ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোরে তল্লাশি চালানো হয়। এসময় প্রায় চার লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২০০ পিস ‘নাইম মুলিড বাবা’ নামের নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন ও নগদ ৩ হাজার ৩৫১ টাকা।

সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক আসামিদের পরবর্তীতে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, “আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার আদালতে প্রেরণ করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights