গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

অনলাইন ডেস্ক

ভারতের গুজরাট রাজ্যের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বিস্ফোরণের পর কারখানাটিতে বিষাক্ত মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাস ছড়িয়ে পড়ে।

শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ভারুচ জেলার ভ্যাগরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় এ বিস্ফোরণ ঘটে। সেখানে হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভারুচের মহকুমা ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানান, মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত কারখানাটিতে ওষুধ তৈরির মধ্যবর্তী উপাদান উৎপাদন করা হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এতে রিঅ্যাক্টর ট্যাংকটি ছিন্নভিন্ন হয়ে যায়। কারখানার বিভিন্ন স্থানে যন্ত্রপাতির ভাঙা অংশ ছড়িয়ে পড়ে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত ব্যক্তিরা হলেন আমোদের বাসিন্দা জয়দীপ মহেশভাই প্যাটেল ও ভাবিক দিলীপকুমার ভাসাভা, গির সোমনাথ জেলার তালালার বাসিন্দা বৃন্দ তালাভিয়া এবং উত্তর প্রদেশের বাসিন্দা অনিকেত হরিলাল গৌতম ও অর্জুনকুমার রামসিং গৌতম।

আহত পাঁচ শ্রমিক হলেন- পবনকুমার রামসিং গৌতম, মৌসমকুমার রামসেবক যাদব, শিবদয়াল রামঅবতার যাদব, প্রতীক প্রবীণ প্রজাপতি ও প্রিয়াংশু বাহাদুরলাল। তাদের বাড়ি বিহার ও উত্তর প্রদেশে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিআইএসএইচ) এক কর্মকর্তা জানান, হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলাকালে বিস্ফোরণের ফলে এমডিসি গ্যাস ছড়িয়ে পড়ে।

ঘটনার পর গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ডিআইএসএইচ ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং দুর্ঘটনার পেছনে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights