ঘাসুরিয়া সীমান্ত থেকে ৪ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরের ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় চারটি স্বর্ণের বারসহ মোস্তাকিম রহমান নামে (২২) এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার সকালে বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকা থেকে তাকে স্বর্ণের চারটি বারসহ আটক করে বিজিবি সদস্যরা।

আটক মোস্তাকিম রহমান বিরামপুর উপজেলার ওই এলাকার দবিরুলের ছেলে।
২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৯/এমপি হতে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ দামুদার নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মোস্তাকিম রহমান নামে এক চোরাকারবারিকে ৪টি স্বর্ণের বারসহ আটক করা হয়। উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় স্বর্ণের পাশাপাশি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণসহ মালামালের মূল্য প্রায় ৪৪ লাখ ৮১ হাজার ২০০ টাকা বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ মার্চ বিরামপুর-হাকিমপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেলে করে স্বর্ণ পাচারের সময় স্বর্ণের ১০টি বারসহ মেহেদি হাসান নামে একজন যুবককে আটক করে বিজিবি সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights