চট্টগ্রামে আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রান্নাঘরের চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নয়টি পরিবারের বসতঘর। শনিবার রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরায় রফিক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মনসুরুল হক জানান, একজনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে মো. শামসুল আলম, মো. নুরুল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. হৃদয়, মো. দিদার, মো. আনু মিয়া, মো. মনু মিয়া, মনজুর মিয়া ও মো. হান্নানের বসতঘর পুড়ে গেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে পাকা, মাটির ও কাঁচা ঘর সব ধরনের বসতঘর রয়েছে।
