চলছে গ্রুপিং-ফিকশ্চার তৈরির কাজ
ক্রীড়া প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়গুলোয় প্রচার শেষ। এখন শুধু পর্দা ওঠার অপেক্ষায় এবিজি ইউনিভার্সিটি কাপ। টি-২০ ক্রিকেট দিয়েই কাপের উদ্বোধন। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে তারুণ্যের উৎসব শুরুর আগেই এ ভেন্যুতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। একেই বলে ভাগ্য, যে মাঠে ওয়ানডে ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়নের দেশটি প্রস্তুতি ম্যাচ খেলে যাবে; সেখানে কি না এবিজি ইউনিভার্সিটি কাপের লড়াইয়ে মুখোমুখি হবেন ১০ বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা। এ এক স্বপ্নিল অভিষেক। যে মাঠে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে দেশের তারকা ক্রিকেটাররা খেলেছেন; সেখানেই বসবে এবিজির তারুণ্যের উৎসব; যা তাদের পরবর্তী সময়ে বড় ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা জোগাবে।
২৫ অক্টোবর ক্রিকেট। পর দিন ফুটবল। ১০ প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুই খেলা খেলবে। গ্রুপিং ও ফিকশ্চার তৈরির কাজ প্রায় শেষ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা। প্রতিদিনই আয়োজকদের কাছে ফোন আসছে টুর্নামেন্টের নানা তথ্য জানতে। সত্যিই, এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অন্যরকম উন্মাদনা তৈরি হয়েছে।
