চলতি মাসেই করতোয়া-গজারিয়া-ইছামতীর খননকাজ শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ

বিশেষ প্রতিনিধি, বগুড়া

করতোয়া নদী খননের মধ্যদিয়ে বগুড়ার মানুষ নতুন ও রূপান্তরের শহর দেখতে পাবেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, চলতি মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে করতোয়া, গজারিয়া ও ইছামতী নদীর খনন কাজ শুরু করা হবে। ইতোমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়া মহানগরের এসপি ঘাটে করতোয়া নদী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, তার প্রথম ছয় মাসের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও ১০১ শতাংশ কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, করতোয়া, গজারিয়া ও ইছামতী এই তিন নদী ও সংশ্লিষ্ট খালের জন্য একনেকে প্রায় এক হাজার ৯৪ কোটি টাকার একটি বাজেট পাস হয়েছে। এ প্রকল্পের অধীনে মোট ২৯৪ কিলোমিটার খনন করা হবে। যার মধ্যে প্রথম ধাপে ছয় কিলোমিটারের কাজ দিয়ে সূচনা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরে আসবে। এতে বগুড়া মহানগরের সৌন্দর্যই বৃদ্ধিই পাবে না। সেচ ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রতিমন্ত্রী বলেন, করতোয়া নদীর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পরবর্তী সময়ে দ্বিতীয় প্রকল্পের মাধ্যমে অবশিষ্ট অংশ খনন করা হবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বালু উত্তোলন বিগত দিনে বিভিন্ন সরকারের সময় থেকে চলে আসা একটি দীর্ঘদিনের সমস্যা। তবে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ট্রাস্ট বোর্ড-এর ইঞ্জিনিয়ারদের সারা দেশের নদীগুলো পরীক্ষা-নিরীক্ষা ও জরিপ করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মূল্যায়নের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা প্রতিটি জেলার জেলা প্রশাসকদের সরবরাহ করা হবে। নদীর ভাঙন বা কোনো অবকাঠামোর ক্ষতির বিষয় নিশ্চিত না করে কোথাও বালু তুলতে দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজমুল হক।

নদী খনন কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights