চাঁদপুরে ৯৭ লাখ টাকার মাদক ও অবৈধ জাল ধ্বংস

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে আদালত ও বিভিন্ন থানার মামলায় জব্দ করা প্রায় ৯৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অবৈধ মৎস্যজাল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের প্রকাশ্য স্থানে আগুনে পুড়িয়ে এবং ক্ষেত্রবিশেষে পানিতে মিশিয়ে এসব আলামত ধ্বংস করা হয়।

চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে ২৮ হাজার ৫০১ পিস ইয়াবা, ১৩ কেজি ১৯৫ গ্রাম গাঁজা, ১০টি বিয়ার ক্যান, ২০ বোতল ফেনসিডিল এবং মৎস্য আইনের ১১৫টি মামলায় জব্দ করা ১৬ হাজার ২৩ মিটার অবৈধ মৎস্যজাল। এসব আলামতের নথিভুক্ত মোট মূল্য ৯৬ লাখ ৮৩ হাজার ৭৭০ টাকা। এর মধ্যে ইয়াবার মূল্য ৮৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকা, গাঁজার ৩ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকা, বিয়ার ক্যানের ২০ হাজার টাকা, ফেনসিডিলের ৪০ হাজার টাকা এবং অবৈধ জালের মূল্য ৬ লাখ ৯৩ হাজার ৬২০ টাকা।

চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা শাখার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, মালখানায় সংরক্ষিত বিচার নিষ্পত্তি হওয়া ৩০টি মামলার আলামত এবং জেলার বিভিন্ন থানা থেকে ধ্বংসের জন্য পাঠানো ২০৫টি আলামত এ কার্যক্রমে উপস্থাপন করা হয়। সব মিলিয়ে ২৩৫টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights