চাঁপাইনবাবগঞ্জ ডিসি অফিসে আটকা শতকোটি টাকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ভূমি অধিগ্রহণের শত কোটি টাকা ডিসি অফিসে আটকে থাকায় বছরের পর বছর ক্ষতিপূরণ পেতে অফিসে অফিসে ঘুরছেন জমির মালিকরা। এ ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে জমির মালিকদের হয়রানী করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে একটি মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পে সরকার ব্যয় করছে ৩০৩ কোটি টাকা। এ ছাড়া চলতি বছরে মহানন্দা নদীতে ২৭০ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্প নির্মাণ কাজ শেষ হয়েছে। এসব প্রকল্পের প্রয়োজনে ২১২ কোটি ৬১ লাখ টাকার ভূমি অধিগ্রহণ কার্যক্রমও চলমান রয়েছে। অভিযোগ পাওয়া গেছে, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা দুটি প্রকল্পের শত কোটি টাকা আটকে রেখেছে। এ অবস্থায় অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে বছরের পর বছর ঘুরছেন জমির মালিকরা। অথচ বিধান অনুযায়ী, প্রত্যাশী সংস্থা বা প্রতিষ্ঠান থেকে টাকা জমা হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ক্ষতিপূরণ পরিশোধ করার কথা। কিন্তু সেই আইনের তোয়াক্কা করছে না জেলা প্রশাসন।

এদিকে জমি অধিগ্রহণে ধীরগতিকে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে প্রকল্পের মেয়াদ ও ব্যয়-দুটিই বেড়েছে। ওয়াকিফহাল সূত্রমতে, জেলা প্রশাসনের অধিগ্রহণ শাখায় জমির মালিকদের হয়রানিতে একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়। প্রায় এক দশক ধরে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে এমন অনিয়ম করার অভিযোগ রয়েছে। কেননা কর্মকর্তা বদলালেও হয়রানির সেই কৌশল বদলায় না। সর্বশেষ দলিলগ্রহীতা, নামজারি ও ভূমি উন্নয়ন করের দাখিলা প্রদানকারী ব্যক্তিই জমির প্রকৃত মালিক। তাঁকে নোটিশ করলেই ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া সহজ হয়। কিন্তু অধিগ্রহণ শাখা থেকে বিভিন্ন রেকর্ডিয় মালিকের কাছে নোটিশ পাঠিয়ে বিষয়টি জটিল করা হয়।

একটি সূত্র জানায়, ২০১৮ সালে মহানন্দা নদীর সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পটি বাস্তায়নে ২১ দশমিক ৪৫ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। তিনটি প্যাকেজে জমি অধিগ্রহণের প্রাক্কলন ব্যয় ধরা হয় ১৪১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার টাকা এবং ভূমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসনকে পরিশোধ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। অভিযোগ অনুযায়ী, মহানন্দা দ্বিতীয় সেতু থেকে বিনপাড়া হয়ে কোপরা পর্যন্ত সংযোগ সড়কের জন্য ৫ দশমিক ৮৪ একর জমি অধিগ্রহণে প্রশাসন অযৌক্তিকভাবে ১০৪ বছর আগের সিএস রেকর্ডে এসব জমি নদী থাকার বিষয়টি সামনে নিয়ে আসেন। ফলে অধিগ্রহণ প্রক্রিয়া এখন জাতীয় নদী রক্ষা কমিশন ও মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছে। আর অধিগ্রহণ না হওয়ায় কাজ শুরুই করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া অন্য দুই প্যাকেজের অধিকাংশ টাকা বিতরণ করা হয়নি। একই কৌশলে আটকে রাখা হয়েছে মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্পে অধিগ্রহণের ৭০ কোটি টাকা। প্রকল্প শেষ হওয়ার পরও অধিগ্রহণ করা জমির মালিকরা ক্ষতিপূরণ পাননি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম বলেন, জমি অধিগ্রহণ বিলম্ব হওয়ায় দফায় দফায় সময় বাড়িয়ে প্রকল্পের কাজ বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রম শতভাগ নির্ভুল ও আইনি জটিলতামুক্ত করতে প্রস্তাবিত জমির আগের ও বর্তমান রেকর্ড পর্যালোচনা করতে হয়। তবে তিনি জানান, রাবার ড্যাম প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights