চার জেলায় গরু চোর চক্রের অন্যতম হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে সক্রিয় গরু চোর চক্রের অন্যতম হোতা মো. উজ্জ্বলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেফতার উজ্জ্বল নওগাঁর মান্দা উপজেলার শালদহ গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোরের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর গোদাগাড়ীতে এক কৃষকের তিনটি গরু চুরির ঘটনায় করা মামলায়ও তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উজ্জ্বলের নিজস্ব একটি পিকআপ ভ্যান রয়েছে। গভীর রাতে ওই পিকআপে করে চোর চক্রের সদস্যদের বিভিন্ন স্থানে নিয়ে যেতেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর রাতে গোদাগাড়ীর নারায়ণপুর গ্রামে এক কৃষকের বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে ভিডিও ফুটেজে পিকআপটি শনাক্ত করে পুলিশ।

পরে অনুসন্ধান চালিয়ে উজ্জ্বলের পরিচয় নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার রাতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে পিকআপ নিয়ে যাওয়ার সময় রাজাবাড়ীহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় পিকআপটি জব্দ করে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ধরমপুর গ্রামের কসাই জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নারায়ণপুর গ্রাম থেকে চুরি হওয়া তিনটি গরু তাঁর কাছেই বিক্রি করা হয়েছিল বলে তদন্তে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights