চুয়েটে কমপ্লিট শাটডাউন পাহারায় শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন, গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ প্রবেশপথে তালা দিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন। বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলছিল। এতে দুই দিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম এখনো দায়িত্ব নেননি বলে জানা গেছে। বুধবার বেলা ১১টায় প্রধান ফটকের সামনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। আন্দোলনকারীরা জানান, নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘আমরা সায়েম স্যারকেই উপাচার্য হিসেবে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে।’ এদিকে চুয়েট শিক্ষক সমিতিও অধ্যাপক সায়েমকে পুনর্বহাল ও তাঁকে অব্যাহতির ২১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে। বুধবার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবদুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। প্রসঙ্গত, গত ২৭ জুলাই অধ্যাপক সায়েমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights