উখিয়ায় সাগরপাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে একদিনে তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ফোন দেন। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর বিকেল পৌনে তিনটার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় সাগরপাড় থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। ওই দুটিরও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। উদ্ধার হওয়া তিনজনের কারও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, উদ্ধারকৃত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর টেকনাফ সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় কোস্ট গার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করে। তবে কয়েকজন নিখোঁজ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights