শিক্ষার্থীদের আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দেওয়াই সরকারের লক্ষ্য: গণপূর্ত প্রতিমন্ত্রী
বাসস
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, শিক্ষার্থীদের আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা সদরের ঐতিহ্যবাহী পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুটি বহুতল একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আহম্মদ সোহেল মনজুর বলেন, মানসম্মত শিক্ষার প্রসারে নতুন এই সুদৃশ্য অবকাঠামো জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আরও উৎসাহিত করবে। জেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ভৌত অবকাঠামোগত প্রসারে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী বল সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বহুতল একাডেমিক ভবন পাওয়ায় সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
তারা জানান, নতুন অবকাঠামোর ফলে শ্রেণিকক্ষের বিদ্যমান সংকট দূর হবে এবং মনোরম পরিবেশে পাঠদান পরিচালনা সম্ভব হবে।
