চুয়েটে শিক্ষার্থীদের দৃষ্টি পরামর্শক কমিটির দিকে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল দাবিতে টানা ৩৬ দিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পর ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) সব শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় ফিরছেন না।
কেউ আজ ফিরছেন, কেউ আগামী রবিবার ফিরবেন। তবে আগামীকাল পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত পরামর্শক কমিটি ক্যাম্পাসে সব পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন। ফলে চুয়েটের ছয় হাজার শিক্ষার্থীর দৃষ্টি এখন পরামর্শক কমিটির দিকে।
জানা যায়, গত রবিবার শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে নিজ নিজ বিভাগীয় প্রধানদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় শিক্ষার্থীদের। তবে বুধবার চুয়েটের স্নাতক পর্যায়ের ১২টি বিভাগের মধ্যে সবাই ক্লাসে ফিরছেন না। কেউ আজ, কেউ আগামী রবিবার ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কেউ পরীক্ষাও অংশ নেবেন।
চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, ক্লাস শুরুর তারিখ সংশ্লিষ্ট বিভাগগুলো নিজেদের মতো করে নির্ধারণ করবে। অন্যদিকে চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর বলেন, এখনো শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো আবেদন পাইনি। শিক্ষার্থীরা কোর্স সমন্বয়কের মাধ্যমে আবেদন করলে তা বিবেচনা করে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, ক্লাস শুরুর শতভাগ প্রস্তুতি আছে। বুধবার থেকে চতুর্থ বর্ষ ক্লাস শুরুর আগ্রহ প্রকাশ করেছে। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা আগামী রবিবার থেকে ক্লাস শুরুর ব্যাপারে যোগাযোগ করেছে।
যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে বুধবার থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করেছি। অনেকে দূর-দূরান্তে আছে, তাই তাদের আসার জন্য সময় দিতে হচ্ছে।
পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক বলেন, ক্লাস করার জন্য শিক্ষার্থীদের ডাকা হয়েছে। তারা উপস্থিত হলে ক্লাস নেওয়া হবে। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ই-মেইলে আগামী ১ নভেম্বর থেকে ক্লাস শুরুর কথা জানিয়েছে। তবে অন্য ব্যাচগুলোর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ বলেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ক্লাস শুরু করবে। তৃতীয় বর্ষের পরীক্ষা, তারা আগামী সপ্তাহে পরীক্ষা দিতে চায়। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা রবিবার থেকে ক্লাস শুরু করবে।
মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রসেনজিৎ দাশ বলেন, বিভাগের ২২ ব্যাচের একটি গ্রুপ বুধবার থেকে ক্লাস শুরুর আবেদন করেছে। প্রথম বর্ষের ২৫ ব্যাচের শিক্ষার্থীরা আগামী রবিবার থেকে ক্লাসে ফেরার কথা জানিয়েছে ২১ ব্যাচের পরীক্ষা।
ছয় হাজার শিক্ষার্থীর দৃষ্টি পরামর্শক কমিটির দিকে
এদিকে ইউজিসির গঠিত পরামর্শক কমিটি বুধবার ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন এবং সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে। পূর্ব নির্ধারিত কর্মসূচি মতে পরামর্শক কমিটি সকালে প্রথমে চুয়েট সরেজমিনে পরিদর্শন করবে। এরপর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, ১১টা ৩০ থেকে ১টা ৩০ পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, ২টা ৩০ থেকে ৩টা পর্যন্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং ৩টা ৩০ থেকে ৪টা পর্যন্ত কর্মচারিদের সঙ্গে পরামর্শক কমিটি মতবিনিময় করার কথা রয়েছে। ফলে চুয়েটের ছয় হাজার শিক্ষার্থী এবং শিক্ষকদের দৃষ্টি আজ পরামর্শক কমিটির দিকে।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে কমপ্লিট শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছেন চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
