চুরি করতে গিয়ে ধরা এক গ্রামের সাত নারী

কুমিল্লা প্রতিনিধি

পথচারী নারীর ব্যাগ থেকে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক গ্রামের সাত নারী। গ্রেফতার নারীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

তিনি বলেন, বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌসকে একা পেয়ে তার সাথে বিভিন্ন কথা বলে সম্পর্ক তৈরির চেষ্টা করেন চোর চক্রের সদস্যরা। এক পর্যায়ে ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করেন। গৃহবধূ জান্নাতুল ফেরদৌস চোর চোর বলে চিৎকার শুরু করেন। পরে কোতয়ালী মডেল থানার টহল পুলিশ সাত নারীকে আটক করেন।
গ্রেফতার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের পাখি আক্তার (২৫), ফাতেমা বেগম (৪০), শাহানা নাইমা (২৫), দিলারা বেগম (৩০), হনুফা (৪০), পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শাহানার বিরুদ্ধে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানায় দুটি চুরির মামলা রয়েছে। গ্রেফতার নারীরা স্বীকার করেন তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় চুরি করতেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ, পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময়সহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights