চ্যালেঞ্জ মোকাবেলায় ৫০০ টনের গোল্ড ভল্ট খুলল সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক

বিদেশি কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ স্বর্ণ মজুত সুবিধা (গোল্ড স্টোরেজ সার্ভিস) চালু করেছে সিঙ্গাপুর। বিশ্বের শীর্ষ স্বর্ণ লেনদেনকারী অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তাদের এই বড় পদক্ষেপ।

সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক ‘মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর’ (এমএএস) জানিয়েছে, দেশটির জাতীয় মুদ্রা ভল্টের ভেতরে নির্মিত এই সুবিধার প্রাথমিক ধারণক্ষমতা ৫০০ টন। তবে বাজারে চাহিদা বাড়ার সাথে সাথে এই ধারণক্ষমতা আরও প্রসারিত করার সুযোগ রাখা হয়েছে।

এই নতুন সেবার মাধ্যমে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং সার্বভৌম সত্তাগুলো সিঙ্গাপুরে নিরাপদ পরিবেশে তাদের স্বর্ণের রিজার্ভ রাখার সুযোগ পাবে। পাশাপাশি, সিঙ্গাপুরভিত্তিক বাছাইকৃত কিছু বুলিয়ন ব্যাংকও এই গোল্ড কাস্টডি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা অর্জন করবে।

আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রাখা লন্ডন ও নিউইয়র্কের মতো প্রতিষ্ঠিত ট্রেডিং সেন্টারগুলোর সাথে প্রতিযোগিতা বাড়াতেই সিঙ্গাপুর এই উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে এশিয়াজুড়ে স্বর্ণের লেনদেন ও মজুতের যে বিশাল চাহিদা তৈরি হয়েছে, তা কাজে লাগাতে চায় নগর-রাষ্ট্রটি। সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী গান কিম ইয়ং জানান, বর্তমানে বিশ্বব্যাপী বার্ষিক ভোক্তা পর্যায়ে মোট স্বর্ণ চাহিদার প্রায় ৭০ শতাংশই আসে এশিয়া অঞ্চল থেকে।

চীন ও ভারত গত বছর বার ও কয়েন ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল, যার ফলে এশিয়া এখন স্বর্ণ চাহিদার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, চাহিদার তুলনায় এ অঞ্চলের স্বর্ণ বাজারের অবকাঠামো অনেকটাই পিছিয়ে রয়েছে। ফলে এশীয় লেনদেনের সময়সূচীতে বাণিজ্যিক সেবার ক্ষেত্রে একটি বড় ধরনের শূন্যতা থেকে যাচ্ছে।

সিঙ্গাপুরে ইতোমধ্যেই বুলিয়ন ব্যাংক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ধনী ব্যক্তিদের জন্য ২০০০ টনেরও বেশি বাণিজ্যিক ভল্টিং সক্ষমতা বিদ্যমান রয়েছে। অন্যদিকে, হংকংও পিছিয়ে নেই; প্রধান প্রধান ব্যাংকগুলোর সমর্থনে গত জুলাইয়ে তারা একটি পরীক্ষামূলক গোল্ড-ক্লিয়ারিং সিস্টেম চালু করে স্বর্ণের ব্যবসা আকর্ষণে তাদের প্রচেষ্টা জোরদার করেছে।

নিজের দেশের বুলিয়ন বাজারকে আরও শক্তিশালী করতে আরও কিছু কৌশলগত পদক্ষেপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সিঙ্গাপুর। এমএএস জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সাথে যৌথ উদ্যোগে আগামী বছরের এপ্রিল মাস থেকে নির্দিষ্ট কিছু পাইকারি স্বর্ণ লেনদেন কার্যক্রমের ওপর পণ্য ও সেবা কর (জিএসটি) মওকুফের সুবিধা প্রসারিত করা হবে। এর মধ্যে স্বর্ণ সংরক্ষণ, পরিশোধন, মান পরীক্ষার সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

এর পাশাপাশি, সিঙ্গাপুর এক্সচেঞ্জ এবং ছয়টি প্রতিষ্ঠাতা ক্লিয়ারিং ব্যাংক মিলে একটি ওভার-দ্য-কাউন্টার গোল্ড-ক্লিয়ারিং সিস্টেম চালুর প্রস্তুতি নিচ্ছে। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে এই সিস্টেমের অধীনে সরাসরি বাণিজ্য শুরু হবে বলে আশা করা হচ্ছে। এমএএস-এর মতে, এসব পদক্ষেপ এশীয় বাণিজ্যিক সময়সূচিতে আরও গভীর স্বর্ণ বাজার গড়ে তুলতে, সঠিক মূল্য নির্ধারণ নিশ্চিত করতে এবং ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করবে।

সূত্র: টিআরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights