জাপান ঢুকেছিলেন ১৫ দিনের ভিসায়, ধরা পড়লেন ৩৩ বছর পর

অনলাইন ডেস্ক

মাত্র ১৫ দিনের ভ্রমণ ভিসা নিয়ে ১৯৯৩ সালে জাপানে প্রবেশ করেছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক মুন জং-গি। এরপর আর দেশে ফেরেননি তিনি। প্রায় ৩৩ বছর জাপানে অবৈধভাবে অবস্থানের পর ৭২ বছর বয়সে গ্রেফতার হয়েছেন ওই ব্যক্তি।

জাপানি পুলিশের অভিযোগ, ১৯৯৩ সালের সেপ্টেম্বরে নিজের ছোট ভাইয়ের পাসপোর্ট ব্যবহার করে জাপানে প্রবেশ করেন মুন জং-গি। তদন্তকারীদের ধারণা, দক্ষিণ কোরিয়া থেকে উন্নত আয়ের আশায় জাপানে গিয়েছিলেন তিনি। সেখানে দিনমজুরি ও বিভিন্ন অস্থায়ী কাজ করে জীবিকা চালিয়ে আসছিলেন।

নিয়মিত কোনো তল্লাশির মাধ্যমে তার দীর্ঘদিনের অবৈধ অবস্থানের বিষয়টি পুলিশের নজরে আসেনি। চলতি বছরের জুনে জাপানি পুলিশের কাছে অবৈধভাবে বসবাসকারী এক ব্যক্তিকে নিয়ে তথ্য আসে। এর ভিত্তিতে তদন্ত শুরু করে শিজুওকা প্রিফেকচারাল পুলিশ।

তদন্তের একপর্যায়ে শিজুওকা প্রিফেকচারের ইয়াইজু এলাকায় মুন জং-গির অবস্থান শনাক্ত করেন কর্মকর্তারা। পরে গত ২৬ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। জাপানের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাপানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন মুন জং-গি। তবে প্রায় তিন দশকের বেশি সময় ধরে কীভাবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জাপানে অবস্থান করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

মুন জং-গি প্রায় ৩৩ বছর জাপানে অবস্থান করলেও তার বিরুদ্ধে চলমান ফৌজদারি অভিযোগের আওতাভুক্ত সময়কাল প্রায় ২৬ বছর। এর পেছনে রয়েছে জাপানের আইনে আনা একটি পরিবর্তন।

জাপানে অবৈধভাবে অবস্থান বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করাকে অপরাধ হিসেবে গণ্য করার বিধানে ২০০০ সালের ফেব্রুয়ারিতে পরিবর্তন আনা হয়। ফলে মুন জং-গির বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তার সময়কাল ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে হিসাব করা হচ্ছে।

সূত্র : জাপান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights