জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কাঁকড়া

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি কাঁকড়া। কাঁকড়াটি বৃহস্পতিবার সকালে অন্যান্য মাছের সঙ্গে স্থানীয় মাছ বাজারের গাজী ফিশে নিয়ে আসেন জেলেরা। পরে জামাল নামের এক ফিশ ফ্রাই ব্যবসায়ী কাঁকড়াটি কিনে নেন। ব্যতিক্রমী রং ও আকৃতি অন্যান্য কাঁকড়ার চেয়ে আলাদা থাকার কারণে তার দোকানে নেওয়ার পর এটিকে দেখতে ভিড় করেন পর্যটকসহ স্থানীয়রা। তবে এ সামুদ্রিক প্রাণীটি খাবার হিসেবে বিক্রির বিষয়টি কৌতূহলের সৃষ্টি হয়েছে। জেলে হাবিব জানান, এত বড় ও উজ্জ্বল নীল রঙের এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখেননি তিনি। পর্যটক মুন্না বলেন, এই প্রথম এত সুন্দর ও ভিন্ন রঙের কাঁকড়া দেখলাম। ফিশ ফ্রাই ব্যবসায়ী জামাল জানান, কাঁকড়াটি ফ্রাই করে বিক্রির পরিকল্পনা রয়েছে। ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এ সামুদ্রিক কাঁকড়াটির ইংরেজি নাম Blue Swimming Crab এবং বৈজ্ঞানিক নাম Portunus pelagicus। পুরুষ কাঁকড়ার পা উজ্জ্বল নীল, আর স্ত্রী কাঁকড়া সাধারণত বাদামি ও সবুজ রঙের হয়। পেছনের এক জোড়া বৈঠার মতো চ্যাপটা পা দিয়ে এরা পানিতে সাঁতার কাটে। উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু জানান, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের প্রাণীর প্রতি আমাদের সচেতন হওয়া জরুরি। বিরল বা ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণী দেখলে সেগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights