‘জেলে যাওয়ার প্রস্তুতি নিন’, এআই কোম্পানির প্রধানকে ট্রাম্প প্রশাসনের হুমকি

অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে অনিয়মের অভিযোগে একটি শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে (সিইও) জেলে পাঠানোর হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে অভিযুক্ত ওই কর্মকর্তা বা তার প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক রস ডাউথ্যাটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বিচার বিভাগের কাছে খবর আসে যে কেউ একজন এআই নিয়ে ‘খারাপ কিছু করছে’। এরপর প্রশাসন থেকে ওই ব্যক্তিকে সতর্ক করে বলা হয়, ‘জেলে যাওয়ার প্রস্তুতি নিন। স্ত্রীকে শুভরাত্রি জানিয়ে আসুন।’

ট্রাম্প তাকে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে বলেছিলেন, কারণ পরদিন সকালেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। ট্রাম্পের দাবি, এই সতর্কবার্তার পর ওই সিইও তার কাজে পুরোপুরি পরিবর্তন আনেন এবং সবকিছু শুধরে নেন।

সাংবাদিক ডাউথ্যাট জানতে চান, ওই ব্যক্তি বড় কোনো এআই প্রতিষ্ঠানের প্রধান কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, বড়গুলোর মধ্যে একটি।’ তবে ঠিক কী ধরনের অনিয়ম হয়েছিল বা এ নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে প্রকাশ্যে এল, যখন এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বিদেশি গোয়েন্দা সংযোগের অভিযোগে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের স্বাধীন তদন্তের মুখে পড়েছেন। হুয়াং পরকীয়ার কথা স্বীকার করেছেন। তবে এনভিডিয়া জানিয়েছে, এতে কোম্পানির গোপনীয়তা বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়নি। ট্রাম্প হুয়াংকে একজন সম্মানীয় ব্যক্তি হিসেবেও বর্ণনা করেছেন। তবে ট্রাম্পের বলা নাম না জানা ওই নির্বাহীর সঙ্গে হুয়াংয়ের কোনো সম্পর্ক থাকার প্রমাণ নেই।

সাক্ষাৎকারে এআই নিয়ন্ত্রণ নীতি নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি এআইয়ের ঝুঁকি ব্যবস্থাপনার পক্ষে মত দিয়ে বলেন, সুরক্ষামূলক নিয়মে তার আপত্তি নেই। তবে এমন কোনো আইনি বিধিনিষেধ আরোপ করা ঠিক হবে না, যা যুক্তরাষ্ট্রকে চীনের চেয়ে পিছিয়ে দেয়। অর্থাৎ, প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত না করেই এআইয়ের ঝুঁকি মোকাবিলা করতে চায় ট্রাম্প প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights