জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
অনলাইন ডেস্ক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। শুক্রবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আয়-ব্যয় ও লাভ-লোকসানের হিসাব প্রকাশ এবং জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানান।
মানববন্ধনে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে সংসদে কার্যকর আলোচনা, জনগণের সঙ্গে অর্থবহ মতবিনিময় বা গণশুনানি হয়নি। অথচ এর অর্থনৈতিক বোঝা সরাসরি সাধারণ মানুষের ওপর পড়বে।
তিনি বলেন, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের কারণ, হিসাব ও দায় জনগণের সামনে স্পষ্ট করতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে অর্জিত মুনাফা জনগণের সুরক্ষায় কাজে লাগানোর পাশাপাশি মূল্যবৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক মূল্য, বিনিময় হার, পরিবহন ব্যয় ও বিপিসির লাভ-লোকসান বিবেচনায় স্বচ্ছ মূল্য সমন্বয় করতে হবে।
জেএসডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তোলে। মহানগর যুগ্ম সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, এর প্রভাব পরিবহন, কৃষি, পণ্য উৎপাদন ও বাজারমূল্যের ওপর পড়ে।
মানববন্ধনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, অপচয়, অদক্ষতা ও অস্বচ্ছ ব্যবস্থাপনার দায় সাধারণ মানুষের ওপর চাপানো গ্রহণযোগ্য নয়।
