ঝোপের ভেতর শপিং ব্যাগে মিলল ৫ আগস্টে পুলিশের লুট হওয়া টিয়ারগ্যাস গ্রেনেড
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার সোনারগাঁও আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত টিয়ারগ্যাস গ্রেনেডগুলো ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট হয়েছিল।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও আবাসিক এলাকার কাছে অভিযান চালিয়ে ঝোপের ভেতরে একটি শপিং ব্যাগে রাখা তিনটি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
র্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন থানা থেকে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড লুট হয়েছিল।
র্যাব-৯ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিক অভিযানে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড, পেট্রলবোমা, ককটেল এবং ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
