টেকনাফের অপহরণ চক্রের হোতা আরিফ অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়চক্রের হোতা আরিফুল ইসলাম আরিফকে (৪৬) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার ভোরে উখিয়ার দক্ষিণ মরিচ্যার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, আরিফুল ইসলাম আরিফ টেকনাফের নতুন পল্লান পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। ৭ আগস্ট র‌্যাব অপহরণ চক্রের যে ৬ সদস্যকে গ্রেফতার করেছিল তাদের মধ্যে মুহিত কামালের বড় ভাই আরিফ। আরিফের বিরুদ্ধে টেকনাফ থানায় ৪টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আরও জানান, অবৈধ অস্ত্রসহ ঘুরা-ফেরাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করেন আরিফ। তখন তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি বন্দুক এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে নিশ্চিত হওয়া যায় আরিফ অপহরণ ও মুক্তিপণ আদায়কারীর হোতা। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আরিফকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights