টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। আটক মাদক কারবারি টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম নাইট্যং পাড়ার নবী হোসেনের ছেলে সৈয়দ আলম (২৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল জানতে পারে এক মাদক ব্যবসায়ী ব্যাটারিচালিত ইজিবাইকে (টমটম) মাদকদ্রব্য বহন করে গোদারবিল থেকে মধ্যম গোদারবিল এলাকার ব্র্যাক অফিসের পূর্বপাশের বাজারের তিন রাস্তার মোড়ের দিকে আসছে। পরে তিন রাস্তার মোড়ে মায়ের দোয়া স্টোর দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করা হয়।

এসময় র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি ইজিবাইক থেকে নেমে পালানোর চেষ্টাকালে ব্যাটারিচালিত টমটমের চালককে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টমটমের সামনে সিটের নিচে ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে টমটমের সামনের সিটের নিচ থেকে একটি লাল রংয়ের শপিং ব্যাগের ভেতর থেকে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights