ডিজিটাল সিটি অথচ প্রতিবন্ধীবান্ধব নয়
নিজস্ব প্রতিবেদক, সিলেট
পুরোনো জীর্ণ ভবন ভেঙে নির্মিত হয় বহুতল সরকারি অফিস। একই সঙ্গে বাড়ছে হাসপাতাল, ক্লিনিক কিংবা আকাশছোঁয়া ভবনের বিপণিবিতান। অবকাঠামো নির্মাণের এই প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে নানা রকম নাগরিক সুবিধা। কিন্তু এক্ষেত্রে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর দিকে যেন কারও কোনো খেয়াল নেই। অবকাঠামো নির্মাণে তাঁদের জন্য বিশেষ সুবিধা রাখার বিধান থাকলেও সেটি মানা হচ্ছে না। বিল্ডিং কোড অনুসরণ করে প্রতিবন্ধীদের জন্য চলাচলের সুযোগ না রেখেই চলছে অট্টালিকা নির্মাণ। এ ছাড়া সড়ক কিংবা ফুটপাত দিয়ে চলতে গেলেও বিশেষ চাহিদাসম্পন্নদের পড়তে হয় ভোগান্তিতে। এতে বিশেষ চাহিদাসম্পন্নদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মনে করেন সচেতন মহল। এতদিন ভবন নির্মাণের অনুমতি ও তদারকির দায়িত্বে থাকা সিলেট সিটি করপোরেশনও (সিসিক) নজর দেয়নি সেদিকে। আর সদ্য কার্যক্রম শুরু করা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) বলছে, এখন থেকে কঠোরভাবে বিষয়টি নজরদারি করতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। সিলেট নগর ঘুরে দেখা গেছে, নগরের সরকারি ও বেসরকারি বেশির ভাগ প্রতিষ্ঠানেই প্রতিবন্ধীদের প্রবেশ কিংবা ভিতরে চলাচলের কোনো সুবিধা নেই। এসব ভবনে প্রবেশ করতে হলে ডিঙাতে হয় উঁচু সিঁড়ি। অথচ প্রতিটি ভবনে প্রতিবন্ধীদের জন্য আলাদা র্যাম্প থাকার কথা।
প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিঘ্নে চলাচল ও জনসাধারণের ব্যবহারের স্থাপনায় প্রবেশের সুযোগ নিশ্চিত করতে ২০১৩ সালে প্রণীত আইনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু আইন ও বিধিমালার এসব নির্দেশনা দৃশ্যত কেউ মানছেন না। এ প্রসঙ্গে গ্রিন ডিসঅ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান জানান, সিলেট নগরে হাঁটতে-চলতে প্রতিবন্ধীরা পদে পদে ভোগান্তিতে পড়তে হয়। র্যাম্প না থাকায় প্রতিবন্ধীরা কোনো ভবনে উঠতে পারেন না। সড়কে চলতে গেলেও ঝুঁকি নিতে হয়। অথচ ট্যাকটাইলস ব্যবহার করলে ফুটপাত দিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন। এখনো প্রতিবন্ধীবান্ধব নগর গড়ে না ওঠাটা দুঃখজনক। সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, প্রতিবন্ধীদের জন্য প্রবেশগম্যতাসহ কিছু সুবিধা রাখার কথা ইমারত নির্মাণ বিধিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে। এখন থেকে সিউক যেসব ইমারতের অনুমোদন দেবে সেগুলোতে এই সুবিধা নিশ্চিত করতে হবে।
