ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ডেমরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন। রবিবার দিবাগত রাতে দুর্ঘটনা দুটি ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. সাদ্দাম বলেন, রাত আনুমানিক ১১টার দিকে ডেমরা থানার অদূরে (সুফিয়া কামাল ব্রীজ) ডেমরা ব্রিজের নিচে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলামের বাড়ি নরসিংদী এলাকায়।

এসআই মো. সাদ্দাম বলেন, এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১২টার দিকে ডেমরা থানাধীন মস্তুমাঝি এলাকায় পুলিশ চেকপোস্টের পাশে বালুর ট্রাক ও কভার্ডভ্যান সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়। তাদেরকে রাত ৩টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

আহতরা হচ্ছেন- রাসেল মিয়া (৩৫), রেজাউল করিম (২৫)., মো: শাহজাহান ( ৩২) ও ফরহাদ (৪২)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights