ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি

মাসুদ করিম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনেক আগেই চিঠি দেওয়া হয়েছে। এ ব্যাপারে দিল্লির তরফ থেকে বলা হচ্ছে, বিষয়টি আইনি প্রক্রিয়া মেনে সম্পাদন করা হবে। যদিও আইনি প্রক্রিয়া সম্পর্কে ভারতের তরফে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বাংলাদেশ বলছে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার দেশে ফিরে আপিল করার সুযোগ আইনে নেই। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু অস্বস্তি সৃষ্টি করেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার মাধ্যমে টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হয়েছে। আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় এ সংলাপ হওয়ার কথা ছিল।

শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন। মেট্রিক্স চেম্বার্স নামে একটি ব্রিটিশ আইনি ফার্ম দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি ইমেইল বার্তা পাঠিয়েছে। ওই ফার্ম ইমেইলে জানতে চেয়েছে, কী প্রক্রিয়ায় শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফেরত পেতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার অধিকার নেই। স্পষ্টত শেখ হাসিনার কাছে কোনো ট্রাভেল ডকুমেন্ট না থাকায় তাঁর স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফিরে আসা সম্ভব নয়। রাজনৈতিক সমঝোতায় প্রত্যর্পণও সহজ নয়। কারণ ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পক্ষগুলো তাঁকে গ্রহণ করতে রাজি নয়। শেখ হাসিনার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক থাকার কারণে তাঁকে হস্তান্তরের বিষয়টি ওই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটিও দিল্লির কাছে বিবেচ্য বিষয়। ফলে পুরো বিষয়টি অত্যন্ত জটিল। সম্প্রতি বিবিসির এক খবরে বলা হয়েছে, ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দুটি শর্ত দিয়েছে। প্রথম শর্ত হলো-তাঁকে যেভাবে সামরিক বিমানে ভারতে পাঠানো হয়েছে, ওই একই প্রক্রিয়ায় একটি সামরিক বিমানে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। দ্বিতীয় শর্ত হলো-শেখ হাসিনাকে সম্পূর্ণ আইনি সুবিধা দিতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের ব্রিফিংকালে বলেছেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে ভারত বিষয়টি দেখছে।’

বাংলাদেশের তরফ থেকে এসব বিষয়ে জবাবও স্পষ্ট করা হয়েছে যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি মেনে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। তবে ফিরে এলেও তাঁর আইনি সুবিধা পাওয়ার তেমন সুযোগ নেই। কারণ তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করায় আইনে সেই সুযোগ নেই। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। এ প্রক্রিয়া হলো প্রত্যর্পণ চুক্তি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করার নির্ধারিত সময় পার হয়ে গেলে তা “ডিলে কন্ডোন” করার কোনো আইনি সুযোগ নেই। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারেন না; যা ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমানের সময়েই সংশোধন করা হয়েছিল।’

জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রায় প্রকাশিত হওয়ার পর ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে।’

এতে স্পষ্ট যে আইন মোতাবেক শেখ হাসিনা আপিল করার সুযোগ পাচ্ছেন না। কারণ তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৩ জানুয়ারি এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

এদিকে সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ প্রতিদিনকে জানান, শেখ হাসিনার প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে প্রকাশ্যে কথা চালাচালির পাশাপাশি অনানুষ্ঠানিক কিংবা পরোক্ষভাবে হলেও কিছুটা যোগাযোগ আছে বলে তিনি আঁচ করতে পারছেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যোগাযোগ আছে কি না-জানতে চাইলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি শুধু তাঁর ইচ্ছার ওপর নির্ভর করে না। ফলে তিনি যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবেন বলে ঘোষণা দিয়েছেন তা বাস্তবে সম্ভব নয়।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি বলেছেন, ‘ডিসেম্বরে ফিরে আসবেন বলে শেখ হাসিনা রাজনৈতিক স্টান্টবাজি করেছেন। বাংলাদেশে তাঁর রাজনীতির কবর রচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights