তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দেশে আনা হলো প্রবাসীর মরদেহ
অনলাইন ডেস্ক
সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী প্রবাসী ময়মনসিংহের নান্দাইলের মো. মৃদুল হাসান সৌরভের মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে তা গ্রহণ করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছালে তা গ্রহণ করতে বিমানবন্দরে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।
সন্তানের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের বাবা সোহরাব উদ্দীন। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, প্রবাসী শ্রমিকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। রেমিট্যান্স যোদ্ধাদের এই অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। সরকার সবসময় প্রবাসী ভাইদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যেকোনো প্রয়োজনে তাঁদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিচ্ছি।
উল্লেখ্য-নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোহরাব উদ্দীনের একমাত্র ছেলে মৃদুল হাসান সৌরভ পরিবারের সচ্ছলতা ফেরাতে ১৬ মাস আগে প্রবাসে পাড়ি জমান। কিন্তু সেখানে প্রবাস জীবন কাটানোর একপর্যায়ে তিনি জন্ডিসে আক্রান্ত হন। পরবর্তীতে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ অক্টোবর মারা যান।
মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর তাৎক্ষণিক সরকারি সহায়তার অংশ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়। তরুণ এই প্রবাসীর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
