তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় তোতারখীল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। নির্বাচনের আগে তার বাবা ও মায়ের পরিকল্পনার আলোকে যেসব পরিকল্পনা জাতির সামনে তুলে ধরা হয়েছিল, সেগুলো বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি।

তিনি আরও বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন তখন অত্যাচারিত-নিপিড়ীত হয়েছেন, সবশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন। তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন। বাংলাদেশে বসে কাজ করতে পারেননি। সাজাপ্রাপ্ত অবস্থায় বিদেশে বসে জুম মিটিং করে আমাদেরকে পরিকল্পনা দিয়েছেন আর আমরা মাঠে কাজ করেছি। আবার জেলও বন্দি হয়েছি, অত্যাচারিত-নির্যাতিত হয়েছে। আবার মাঠে কাজ করে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে স্বাভাবিক পরিবেশ পেয়েছি আপনাদের মাধ্যমে। সেই আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনার ছিলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ বছর তারা বঞ্চনা ও উপেক্ষার শিকার হয়েছেন। দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন দেশকে গ্রাস করেছে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা অনুযায়ী দলগতভাবে কাজ করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে এ্যানি চৌধুরী বলেন, বর্তমান বিরোধী দলের নেতাকর্মীরাও আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তা আমরা অস্বীকার করবো না। তবে ২৮ অক্টোবরের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পানিসম্পদমন্ত্রী। লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা, মিছিল ও সমাবেশের সময় বিরোধী দলের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অতীতের রাজনৈতিক আন্দোলন ও বিভিন্ন দলের পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি নেতাকর্মীদের সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন- বিরোধী দল লংমার্চ, রোডমার্চ বা এক দফার আন্দোলনের কর্মসূচি পালন করতে পারে। তবে তাদের হুমকি দিয়ে লাভ হবে না। তারা রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।

লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শামস জেরিন জর্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান, সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান হাবিব, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেনসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights