তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ

অনলাইন ডেস্ক

মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকাসহ দেশজুড়ে তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু হচ্ছে আজ শনিবার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগীয় ও জেলাপর্যায়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০২৫ সালের ২৮ আগস্ট তখনকার অন্তর্বর্তী সরকার প্রতি বছর ১৭ অক্টোবর লালনের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সে বছরই প্রথম জাতীয়ভাবে লালন উৎসব উদযাপিত হয়।

আগামী সোমবার পর্যন্ত সাঁইজির ভক্ত আশেকান অনুসারী ছাড়াও লাখো মানুষের পদভারে মুখর থাকবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া আখড়াবাড়িসহ আশপাশের এলাকা। দেশ-বিদেশ ও দূর-দূরান্ত থেকে আসা শত সহস্র ভক্ত আশেকান অনুসারীরা তাদের নিজস্ব রীতি-আচারের মধ্যদিয়ে মশগুল থাকলেও এর আনুষ্ঠানিক আয়োজন থাকে।

আজ সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজন ও তত্ত্বাবধানে লালন একাডেমি চত্বরে একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। সেখানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানের প্রথম দিনের মুখ্য আলোচক হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট প্রাবন্ধিক ড. রশিদুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া-১ এর সংসদ সদস্য রেজা আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩০৬ এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এছাড়া লালন একাডেমির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখবেন লালন অনুসারী ও সাধক হৃদয় শাহ এবং মিস আসমা খানম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লালন সাঁইয়ের গান, দর্শন ও মানবতাবাদী চেতনা তুলে ধরতে কুষ্টিয়া, ঢাকাসহ তিন দিনব্যাপী স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘লালন স্মরণানুষ্ঠান’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights