তৃতীয় সংসারও টিকল না পবন কল্যাণের, ১৩ বছরের দাম্পত্যে ইতি

দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণ এবং তার স্ত্রী আন্না কোনিডেলা। সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতি প্রকাশ করে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান তারা। একই সঙ্গে জানিয়েছেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের ইতি ঘটলেও তারা ভালো বন্ধু এবং সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে একসঙ্গেই থাকবেন।

আকস্মিক এই ঘোষণায় বিস্মিত হয়েছেন তাদের ভক্ত ও তেলেগু চলচ্চিত্রজগতের অনেকে।

তেলেগু সিনেমার অন্যতম বড় তারকা পবন কল্যাণের এটি তৃতীয় বিয়ে। ২০১৩ সালে রাশিয়ান মডেল আন্না লেজনেভাকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘদিন ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন এই দম্পতি।

যৌথ বিবৃতিতে তারা লেখেন, আমাদের শুভাকাঙ্ক্ষী, কাছের মানুষ ও প্রিয়জনদের উদ্দেশে বলছি, জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় একসঙ্গে কাটানোর পর আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি নিবেদিতপ্রাণ অভিভাবক হিসেবে থাকব।

সন্তানদের ভবিষ্যৎ ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের সন্তানদের সুখ ও সুস্থতাই সব সময় আমাদের অভিন্ন অগ্রাধিকার হয়ে থাকবে। জীবনের এই ব্যক্তিগত পরিবর্তনের সময় আমরা সবার কাছ থেকে বোঝাপড়া, সহানুভূতি এবং আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রত্যাশা করছি। এই দীর্ঘ যাত্রায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

তবে ঠিক কী কারণে তাদের এই বিচ্ছেদের সিদ্ধান্ত, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি পবন ও আন্না। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে অযাচিত আলোচনা ও জল্পনা এড়িয়ে তাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন দুজনেই।

‘তিন মার’ সিনেমার শুটিংয়ে পরিচয়, দুই বছর প্রেমের পর বিয়ে

পবন কল্যাণের সঙ্গে আন্না লেজনেভার পরিচয় হয় ২০১১ সালে তেলেগু সিনেমা ‘তিন মার’-এর শুটিং চলাকালে। পরিচয় থেকে ঘনিষ্ঠতা, এরপর প্রেমের সম্পর্ক। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

রাশিয়ার বাসিন্দা আন্না লেজনেভা পেশায় একজন মডেল ছিলেন। পবন কল্যাণের আগেও দুটি বিয়ে হয়েছিল। তার প্রথম স্ত্রী ছিলেন নন্দিনী এবং দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী রেণু দেশাই। তাদের সঙ্গে বিচ্ছেদের পর আন্নাকে বিয়ে করেন এই অভিনেতা।

পবন ও আন্নার সংসারে দুই সন্তান রয়েছে। তাদের মেয়ে পোলেনা অঞ্জনা পাওয়ানোভা এবং ছেলে মার্ক শঙ্কর পাওয়ানোভিচ। বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তানদের প্রতিপালন ও কল্যাণের বিষয়ে দুজনের যৌথ দায়িত্ব অব্যাহত থাকবে বলে বিবৃতিতে স্পষ্ট করেছেন তারা।

আগেও ছড়িয়েছিল বিচ্ছেদের গুঞ্জন

পবন কল্যাণ ও আন্না লেজনেভা বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন প্রচারের আলো থেকে দূরে রেখেছেন। সামাজিক অনুষ্ঠান কিংবা বিনোদনজগতের আলোচিত পরিসরে তাদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ কারণে তাদের বিচ্ছেদের ঘোষণা ভক্তদের কাছে আরও বেশি বিস্ময়কর হয়ে উঠেছে।

এর আগে ২০২৩ সালেও সামাজিক যোগাযোগমাধ্যমে এই দম্পতির বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। তবে সে সময় পবন কল্যাণের পক্ষ থেকে সেই গুঞ্জন নাকচ করা হয়। তার দলের পক্ষ থেকে বিচ্ছেদের খবরকে ভিত্তিহীন বলে জানানো হয়েছিল। কিন্তু এবার নিজেরাই যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করলেন পবন ও আন্না।

‘দে কল হিম ওজি’ সিনেমায় বড় সাফল্য

ব্যক্তিগত জীবনে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর সামনে এলেও পেশাগতভাবে ব্যস্ত সময় পার করছেন পবন কল্যাণ। সর্বশেষ তাকে দেখা গেছে সুজিত পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘দে কল হিম ওজি’-তে। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।

বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটির মোট আয় ২৮৩ কোটি রুপি ছাড়িয়ে যায়। ফলে সাম্প্রতিক সময়ে পবন কল্যাণের ক্যারিয়ারের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে ছবিটি।

তবে পর্দার সাফল্যের মধ্যেই ব্যক্তিগত জীবনের ১৩ বছরের সম্পর্কের অবসানের ঘোষণা দিলেন দক্ষিণী এই সুপারস্টার। বিচ্ছেদের কারণ নিয়ে নানা প্রশ্ন থাকলেও আপাতত সে বিষয়ে মুখ খোলেননি তারা। বরং দাম্পত্য সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব বজায় রাখা এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পবন কল্যাণ ও আন্না কোনিডেলা।

সূত্র: পিঙ্কভিলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights