তোপের মুখে ডিনের পদ ছাড়লেন জবি অধ্যাপক আইনুল

জবি প্রতিবেদক

ছাত্রদল ও ছাত্রশক্তির তোপের মুখে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। তার স্থলাভিষিক্ত হিসেবে নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে পরবর্তী দুই বছরের জন্য ওই অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো। ২০ জুলাই থেকে এই আদেশ কার্যকর হবে। তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আবেদন গ্রহণ করে নতুন ডিন নিয়োগ দেয়।

এর আগে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে নিজের কক্ষে ছিলেন অধ্যাপক আইনুল ইসলাম। এসময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা গিয়ে তার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে নিজের কক্ষ থেকে তাকে চলে যেতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে এক পর্যায়ে সেখান থেকে চলে যান অধ্যাপক আইনুল ইসলাম।

‘জুলাই অভ্যুত্থানবিরোধী’ হিসেবে উল্লেখ করে তাকে কেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়ে বিক্ষোভ করেন দুই ছাত্র সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights