থিম্পুতে বাংলাদেশ-ভুটান সাংস্কৃতিক মিলনমেলা

গ্রিস প্রতিনিধি

গভীর বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের মধ্য দিয়ে ভুটানের রাজধানী থিম্পুতে শেষ হয়েছে সপ্তাহব্যাপী বাংলাদেশ-ভুটান সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি। গত ১৪ থেকে ২০ আগস্ট অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে ১১ জন শিল্পী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবসহ উচ্চপর্যায়ের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল অংশ নেয়।

১৪ আগস্ট বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মালেকা পারভীনের দেওয়া স্বাগত নৈশভোজের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। এতে ভুটান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট ভুটানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্কৃতি ও জংখা উন্নয়ন বিভাগে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর রয়্যাল ইনস্টিটিউট অব দ্য পারফর্মিং আর্টসের অধ্যক্ষ স্বাগত বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মালেকা পারভীন বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। সাংস্কৃতিক ঐতিহ্য দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন তৈরি করে বলেও উল্লেখ করেন তিনি।

২০ আগস্ট বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে বাংলাদেশ ও ভুটানের শিল্পীদের যৌথ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডিএন ধুংগেল। অনুষ্ঠানে ভুটানের সরকারি কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় অতিথি এবং বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ভুটান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি স্মরণ করেন, বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ছিল ভুটান।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাবেয়া বেগম বলেন, সংস্কৃতি এমন একটি সর্বজনীন ভাষা, যা দেশের সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সাংস্কৃতিক বিনিময় ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও যৌথ প্রদর্শনী, কর্মশালা ও সাংস্কৃতিক সহযোগিতার পথ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights