দিনাজপুরে দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দিনাজপুর প্রতিনিধি:

গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টায় ব্যর্থ হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে দুই যুবক। এ ঘটনার স্থানীয়দের হাতে আটক হওয়ায় পরে ওই দুজনকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক দু’জন একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ল²ীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বাড়ীর মালিক নূর ইসলাম তার বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে গরুগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শব্দ পেয়ে নূর ইসলামের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গরুর মালিক নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় দুই আসামীকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights