দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা, মাদক কারবারিদের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে টিটু (৩৬) নামে এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে সদরের ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকায় রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, নির্মাণাধীন একটি সেতুর মালামাল চুরি ও মাদক কারবারে বাধা দেওয়ায় টিটুকে হত্যা করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়।

সেখানে রক্তাক্ত অবস্থায় ছুরিকাঘাতে নিহত টিটুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত টিটুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলে রেললাইনের পাশে নতুন নির্মাণাধীন একটি সেতুতে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। তাঁর অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকার কিছু মাদক কারবারি ও চিহ্নিত দুর্বৃত্ত সেতুর বিভিন্ন মালামাল, বিশেষ করে লোহাসহ অন্যান্য সামগ্রী চুরির চেষ্টা করছিল। টিটু এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাঁদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

তিনি আরও অভিযোগ করেন, মাদক কারবার ও চুরির কাজে বাধা দেওয়ার জের ধরে দুর্বৃত্তরা তাঁর ছেলেকে একা পেয়ে পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে দাবি করেন নিহতের মা।

নিহতের মায়ের অভিযোগ, ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চলছে। সন্ধ্যার পর ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে। মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

ছেলেকে হারিয়ে আহাজারি করতে করতে তিনি বলেন, মাদক কারবার ও চুরির বিরুদ্ধে দাঁড়ানোই তাঁর ছেলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যারা তাঁর ছেলেকে হত্যা করেছে, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights