দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপিটি জমা দেন তারা।

স্মারকলিপিতে ছাত্ররাজনীতির সমাধানে ডাকসুর গুরুত্ব, ডাকসু নিয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব নিয়ে হতাশা এবং দুই কার্যদিবসের মধ্যে রোড ম্যাপ ঘোষণার দাবি পেশ করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক নিতে পারে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা।

যেটি তুলে আনার একমাত্র উপায় হচ্ছে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন। ফলশ্রুতিতে বর্তমানে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার দাবিটি ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন তথা ডাকসুর ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান প্রশাসন।

প্রশাসনের কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে শিক্ষার্থীরা বলেন, কিছুদিন আগে একটি কমিশন গঠন করা হলেও কমিটির সুপারিশমালা অনুযায়ী কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে আমরা অন্ধকারের মধ্যে রয়েছি।

অধিকাংশ ছাত্রসংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল তা নিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আমাদের জানা নেই। তাছাড়া নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের অনুপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আমরা মনে করি না। সবদিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধনসহ নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করছি আমরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা প্রসঙ্গে হতাশা প্রকাশ করে স্মারকলিপিতে বলা হয়, গত পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

অথচ প্রত্যাশা ছিল, নতুন বাংলাদেশের মৌলিক নেতৃত্বের মতো করে ছাত্রসংসদ নির্বাচনের ব্যাপারটিতেও নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। যার কারণে বর্তমান ঢাবি প্রশাসনের ওপর আমরা দারুণভাবে হতাশ হয়েছি। অন্তত এই বিষয়টিতে।

দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আময়া দাবি করছি, আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা না করলে আমরা কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সূর্যসেন হলের শিক্ষার্থী লিমন হাসান, মহসিন হলের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জান্নাতী বুলবুল, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব আব্বাস উদ্দীন, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সীমা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাফিউর রহমান, তামীম আহসান, ইফতি আবু তালিব, আমির হামজা শাকিল, জিএম মেহদি হাসান, মো. ইরফান ও আকাশ শাহ্ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights