দুই দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি শুরু, ক্ষতি ৩০ কোটি টাকা

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমসের কারপাস জটিলতায় গেটপাস কার্যক্রম বন্ধ থাকায় টানা দুই দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ ছিল। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে আটকে থাকা পণ্য ও যানজট কমতে শুরু করেছে।

বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বন্দরের প্রবেশমুখে ট্রাক রিসিভ ও গেটপাস ইস্যুর কাজ করতেন বন্দর সিএন্ডএফ স্টাফরা। বন্দরে অনিয়ম ধরা পড়ার পর শনিবার থেকে বেনাপোল কাস্টমস নতুন নিয়ম চালু করে। কারপাস ইস্যুর ক্ষেত্রে স্টাফদের ছবিসহ পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানকে পণ্য রিসিভের দায়বদ্ধতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে শনিবার থেকে পণ্য আমদানির গেটপাস ইস্যু বন্ধ রাখেন সিএন্ডএফ স্টাফরা। ফলে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ হয়ে যায় এবং বন্দরে কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

ব্যবসায়ীরা জানান, ভারতীয় ট্রাকে অবৈধ পণ্য থাকলে এর দায়ভার নিতে চান না তারা। এ বিষয়ে রবিবার বিকেলে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কাস্টমস কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকের পর সোমবার সকাল থেকে পুনরায় পুরোদমে আমদানি কার্যক্রম শুরু হয়।

সিএন্ডএফ এজেন্ট নেতারা জানান, আপাতত আগের নিয়মে তিন দিন কার্যক্রম চলবে। পরে নতুন নিয়মে আমদানি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে দেশের অন্যান্য বন্দরের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে বেনাপোলেও কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কারপাস জটিলতায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ হওয়ার পর রবিবার বিকেল থেকে কিছুটা কার্যক্রম শুরু হয়। সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights