দুই বছর হইহুল্লুড়েই সারা হলো না সমাবর্তন-নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও এখনো আয়োজন করা হয়নি কোনো সমাবর্তন। হয়নি শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন ও সমাবর্তনের তারিখ কয়েক দফা পরিবর্তন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। সমাবর্তন না হওয়ায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এসব নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দানা বাঁধছে।
জানা গেছে, আইন না থাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হয়নি। এ খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২৪ সালের আগস্টের পট পরিবর্তনের পরে বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের আইন পাস করা হয়। এর পরে তিন দফা নির্বাচনের তফসিল ঘোষণা করে পরিবর্তন করা হয়। কিন্তু নির্বাচন হয়নি। গত বছরের নভেম্বরে নির্বাচনি প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ১৯ ডিসেম্বর, পরে ২৪ ডিসেম্বর এবং সর্বশেষে ২১ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ভোটার তালিকায় অসঙ্গতিসহ বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর প্রথম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়। নিবন্ধন কার্যক্রম ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।
