দুবাইয়ে ৩৮৪ কোটি টাকার মাদকের চালান জব্দ, গ্রেফতার ১৪

অনলাইন ডেস্ক

একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। এ সময় ১১৩টি কার্টনের ভেতর লুকিয়ে রাখা ২.৩ টন মাদক জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১১ কোটি ৫১ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৪ কোটি ৭০ লাখ টাকা।

দুবাই পুলিশ জানিয়েছে, একটি আন্তর্জাতিক অপরাধ চক্র বিপুল পরিমাণ মাদক সংযুক্ত আরব আমিরাতে এনে দেশটির বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। নজরদারি ও তদন্তের মাধ্যমে চক্রটির সদস্যদের গতিবিধি এবং মাদক সরবরাহের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে সমন্বিত অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই এশিয়ার নাগরিক। অভিযানে ১১৩টি কার্টনে প্যাক করা বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এসব মাদকের মধ্যে রয়েছে জ্যানাক্স, ট্রামাডল, লিরিকা, মাইড্রিয়াসিল চোখের ড্রপ, ক্রিস্টাল মেথ, গাঁজা এবং মাদকদ্রব্যযুক্ত কাগজ।

পুলিশ আরও জানিয়েছে, তদন্তে গ্রেফতার ব্যক্তিদের বিদেশভিত্তিক একটি আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর পৃথক এক ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের কাস্টমস কর্মকর্তারা দেশটিতে ১৬.২ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করেন। দেশটির একটি স্থল সীমান্ত দিয়ে প্রবেশের সময় একটি গাড়ির টায়ারের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, তাদের জেনারেল ডিরেক্টরেট অব পোর্টস সিকিউরিটির কর্মকর্তারা মাদক পাচারের বিষয়টি শনাক্ত করেন। উন্নত স্ক্যানিং সরঞ্জামের মাধ্যমে গাড়িটি পরীক্ষা করার সময় কিছু অস্বাভাবিক বিষয় নজরে আসে। এরপর সন্দেহ হওয়ায় গাড়িটিতে ম্যানুয়াল তল্লাশি চালানো হয়। তল্লাশিতে কাস্টমস অ্যান্ড সিকিউরিটি সাপোর্ট বিভাগের কে-৯ দলও অংশ নেয়। মাদক শনাক্তে প্রশিক্ষিত কুকুরের সহায়তায় চালানো তল্লাশির একপর্যায়ে গাড়ির একটি টায়ারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়।

সূত্র : খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights