দুর্গাপুরে আলিফকে হত্যায় একজন গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা দুর্গাপুরে আলিফ ফকিরকে হত্যার ঘটনায় অপূর্ব (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে দুর্গাপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবক দুর্গাপুরের উকিল পাড়ার শমসেরের ছেলে। এর আগেও এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক হয়েছিলেন তিনি।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এর আগে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় তাকে আটক করা হয়েছিল, ৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিল অপূর্ব। ওই সময় আলিফ ফকির ভেবে ভুল করে ওই পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছিল তারা।
জানা গেছে, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলুঞ্জিয়া মোড়ে শ্বশুর বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন আলিফ ফকির। এই ঘটনায় পরদিন ১৬ অক্টোবর তার দ্বিতীয় স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় ৭ থেকে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পরদিন ১৭ অক্টোবর মাঝরাতে দুর্গাপুরে অভিযান চালিয়ে পুলিশ অপূর্বকে গ্রেফতার করে।
