দুর্গাপূজায় নাশকতার কোনো হুমকি নেই: এসআরবি ডিজি

অনলাইন ডেস্ক
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, শারদীয় দুর্গাপূজায় এখন পর্যন্ত নাশকতার কোনো হুমকি নেই। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাশকতা কিংবা সন্দেহজনক তৎপরতা মোকাবিলায় এসআরবির ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান তিনি।

এসআরবি ডিজি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রয়েছেন।

তিনি জানান, পূজার নিরাপত্তায় প্রতিদিন ২ হাজার ৪৫৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্যকে নিয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে প্রতিদিন ৫৪৯টি পিকআপ এবং ৪৪৭টি মোটরসাইকেলে টহল চলছে।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে প্রায় ৩২ হাজার ৯৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

এসআরবি মহাপরিচালক জানান, গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা পরিকল্পনা আগামী ২২ অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এ সময় দেশজুড়ে বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights